Tuesday, December 11, 2012

রাজধানীতে হরতালে আগুন, ভাঙচুর


বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা আজ মঙ্গলবারের হরতালে সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে যানবাহনে আগুন, ভাঙচুর, ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

শহীদ মিনার: শহীদ মিনার এলাকায় আজ সকালে হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। এ সময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। ছাত্রদলের নেতা-কর্মীরা ওই এলাকায় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান। পরে শাহবাগ থানার পুলিশ সেখান থেকে ছয়জনকে আটক করে। 

নয়াপল্টন: সকাল পৌনে নয়টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পূর্ব দিকে জোনাকি সিনেমা হলের সামনে একটি ককটেল বিস্ফোরিত হয়। একই এলাকায় আনন্দ ভবন কমিউনিটি সেন্টারের বিপরীত দিকে সকাল ১০টার দিকে একটি ও বেলা সাড়ে ১১টার দিকে আরও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে।

যাত্রাবাড়ী ও শনির আখড়া: পুলিশের ওয়ারী বিভাগের অতিরিক্ত উপকমিশনার ওয়ালিদ হোসেন জানিয়েছেন, যাত্রাবাড়ীর দোলাইপাড়ে আজ সকাল সাড়ে ছয়টায় একটি লেগুনায় আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এরপর জামায়াত-শিবিরের কর্মীরা যাত্রাবাড়ীর কাজলারপাড়ে হরতালের সমর্থনে একটি মিছিল বের করেন। তাঁরা কাজলারপাড় এলাকায় রাস্তায় টায়ারে আগুন ধরিয়ে দেন। আজ যাত্রাবাড়ী থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি। তবে ঢাকার ভেতরে বেশ কিছু বাস চলাচল করতে দেখা গেছে। এদিকে আজ সকাল সাতটার দিকে রাজধানীর শনির আখড়ায় দুটি বাস ভাঙচুর করে হরতাল সমর্থকেরা। এ ঘটনায় দুই-তিনজন আহত হয়েছেন। 

মিরপুর ও গাবতলী: মিরপুরে আজ সকাল সাড়ে সাতটার দিকে হরতালের সমর্থনে একটি মিছিল বের হয় বলে সেখানকার পুলিশ সূত্র জানিয়েছে। এরপর হরতালের সমর্থকদের আর রাজপথে দেখা যায়নি। পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা রাজপথ দখলে রেখেছেন। মিরপুরের বিভিন্ন এলাকায় হরতালবিরোধী মিছিল করছেন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গাবতলীতে আজ সকালে একটি বাসে ভাঙচুর চালিয়েছেন হরতালকারীরা। ওই এলাকায় দুটি হাতবোমা ফুটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

কেরানীগঞ্জ: ঢাকার অদূরে কেরানীগঞ্জের জিঞ্জিরা এলাকায় বিএনপির কার্যালয়ের সমানে আজ সকালে হরতালকারীরা ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছে ও যানবাহন ভাঙচুর করেছে। ঢাকা-মাওয়া মহাসড়কের তেঘরিয়া বাস স্ট্যান্ডের কাছে সকাল সাতটার দিকে বিএনপি সমর্থকেরা দূরপাল্লার কয়েকটি বাসে ভাঙচুর চালায়। এরপর থেকে কেরানীগঞ্জ, দোহার, নবাবগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর, খুলনা ও বরিশাল অঞ্চলের সঙ্গে দূরপাল্লার যান চলাচল বন্ধ রয়েছে। হরতালের কারণে বুড়িগঙ্গা প্রথম ও দ্বিতীয় সেতু বন্ধ থাকায় ঢাকার সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। সকাল ১০টার দিকে পুরান ঢাকার রায়সাহেব বাজার এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীরা হরতালের বিপক্ষে মিছিল করেছে। দুপুর ১২দিকে ঢাকা ১১ আসনের সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনের নেতৃত্বে লালবাগ থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে একটি হরতালবিরোধী মিছিল হয়েছে।

হরতালের বিরোধিতা করে আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের ব্যানারে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল বের করতে দেখা গেছে। রাজধানীর বিভিন্ন এলাকায় অল্পসংখ্যক যান চলাচল করতে দেখা গেছে। যানবাহন না থাকায় অনেকেই রিকশায় করে গন্তব্যে গেছেন।

সহিংস অবরোধের পর এক দিন বিরতি দিয়ে আজ মঙ্গলবার হরতাল ডেকেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। হরতালের আগেই গতকাল উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীসহ সারা দেশ। সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গ্রেপ্তার হন। এরপর ঢাকা ও ঢাকার বাইরে অসংখ্য গাড়ি ভাঙচুর করা হয়। আগুন দেওয়া হয় অন্তত ২০টি গাড়িতে।

No comments:

Post a Comment